ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের খাদ্যবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মাছের খাদ্যবোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে গিয়ে নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং চালক ও হেলপারকে নিরাপদে উদ্ধার করেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, অতিরিক্ত কুয়াশা, চালকের ক্লান্তি কিংবা দ্রুতগতির কারণে এই নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকটি খাদে পড়ে যাওয়ার কারণে মহাসড়কে যান চলাচলের ক্ষেত্রে সাময়িক বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
0 মন্তব্য