পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাষা ইউনিয়নের বড়দরগা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জরুরি উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটে এশার নামাজের পর ভারতীয় সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বড়দরগা কল্যাণ সমিতির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।
বড়দরগা কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি লুৎফর সরদার, ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবু তয়াবুর, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজার রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছয়ফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের হাসমত আলী, মফিদার রহমানসহ অনেকে।
সভায় বড়দরগা কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক এলাকার মহিলা মাদ্রাসা, কোরআন ও তালিম ঘরের সংস্কার এবং রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় ভোটার বাবুল, রফিকুল ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন বলেন, অতীতে বিভিন্ন প্রার্থী উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার তেমন পরিবর্তন হয়নি। তাঁরা আশা প্রকাশ করেন, বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সংস্কারসহ জনকল্যাণমূলক কাজগুলো গুরুত্ব পাবে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসভা ও মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন। পাশাপাশি ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তা বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকায় অনিয়ম ও বিশৃঙ্খলা রোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান।
মো. সপিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।
0 মন্তব্য