সিরিয়া সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানরত হোটেলের কাছে মঙ্গলবার কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি নিরাপদ রয়েছেন এবং নির্ধারিত সূচি অনুযায়ী সফর অব্যাহত রেখেছেন।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে,ম্যাক্রোঁর হোটেলের কাছেই বিস্ফোরণ ঘটে। তবে ফরাসি প্রেসিডেন্টের বহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। বিস্ফোরণের কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন।
প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে ধোঁয়া উঠতে দেখেছেন। পরে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়।
২০২৪ সালে বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ম্যাক্রোঁই প্রথম সিরিয়া সফর করছেন। এই বিস্ফোরণ দেশটির চলমান নিরাপত্তা সংকটকেই আবারও সামনে নিয়ে এসেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়,পরে সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্রাসাদে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে বসেন ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁর এই সফর নতুন নেতৃত্বের অধীনে সিরিয়ার ভূরাজনৈতিক পরিবর্তনেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সাবেক আল-কায়েদা কমান্ডার আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি দীর্ঘ ১৩ বছরের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।
যদিও শারা সিরিয়ায় সব সম্প্রদায়কে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন,তবুও সাম্প্রতিক সময়ে সরকারপন্থি বাহিনী ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি সেই প্রতিশ্রুতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
0 মন্তব্য