হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ ও সাঁড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন জুলাইযোদ্ধা রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
অভিযানকালে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় তল্লাশি চালিয়ে সৈয়দ আলীর ছেলেকে আটক করা হয়, যিনি জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলী রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, সুলতান মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি চুরি মামলার আসামি আব্দুল কাদিরের ছেলেসহ আরও কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, অপরাধ দমন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
0 মন্তব্য