ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দেশের কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার আব্দুল্লাহপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নানীর বাগানবাড়ির আঙিনায় পারিবারিক পরিবেশে তাকে সমাহিত করা হয়।
কারিনা কায়সার ছিলেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও লোপা কায়সারের কন্যা এবং ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী। পরিবার জানায়, ঢাকায় শহীদ মিনারসহ তিনটি জানাজা শেষে মরদেহ গজারিয়ায় নেওয়া হয় এবং সেখানেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভুগে গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। পরে মরদেহ দেশে এনে ঢাকায় শ্রদ্ধা নিবেদন শেষে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
পরিবারের অনুরোধে দাফন প্রক্রিয়া সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয় এবং গণমাধ্যমকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
0 মন্তব্য