সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টেলিফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে নৌচলাচল এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে আলোচনা করেছেন। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর রিয়াদ ও ওয়াশিংটনের কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানিয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ওয়াশিংটন-তেহরান আলোচনাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসে।
আলোচনায় তারা সমুদ্রপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, আন্তর্জাতিক জলপথ সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পৃথক এক ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। উভয় পক্ষই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর এই উচ্চপর্যায়ের ফোনালাপগুলো অনুষ্ঠিত হলো। ইরান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। পরে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
নতুন করে সহিংসতা শুরু হওয়ায় আন্তর্জাতিক মহল ওয়াশিংটন ও তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। মিসর ও কাতার উভয় পক্ষকে সংলাপ পুনরায় শুরু এবং চলতি বছরের শুরুতে হওয়া সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে।
শুক্রবার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর কার্যত যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরব বরাবরের মতোই সংযম, সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডোর হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথ সচল রাখার ওপর দেশটি গুরুত্বারোপ করেছে।
0 মন্তব্য