নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের প্রস্তুতিকালে মাদক কারবারিদের হামলায় র্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন ও রিয়াজুল করিম। এছাড়া শাহীন নামে এক সদস্যকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার পর এএসআই পারভেজ মুন্সির নেতৃত্বে সাদা পোশাকে থাকা র্যাবের ৫ সদস্য উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করতে যায়। এ সময় স্থানীয় সোহাগের নেতৃত্বে একদল সংঘবদ্ধ ব্যক্তি র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের ৫ সদস্য আহত হন।
পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 মন্তব্য