ইরানের হামলায় কুয়েতের নৌবাহিনীর একটি জাহাজে আঘাত লেগে চার সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, আহত সেনাসদস্যদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, মঙ্গলবারের হামলায় তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে। এসব হামলার লক্ষ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেসামরিক অবকাঠামো। ভূপাতিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে মঙ্গলবার কুয়েত সিটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এএফপির এক সাংবাদিক জানান, অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কুয়েতের সেনাবাহিনী "শত্রুপক্ষের লক্ষ্যবস্তু" প্রতিহত করার ঘোষণা দেয়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, "বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের হামলা প্রতিহত করায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেটিই এর কারণ।"
এদিকে, মঙ্গলবার বাহরাইনেও বিমান হামলার সতর্ক সংকেত (এয়ার রেইড সাইরেন) বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে দিনেই কয়েকটি ইরানি হামলা প্রতিহত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সাম্প্রতিক দিনগুলোতে কুয়েতসহ যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইরান। সর্বশেষ এই সংঘাতের সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর।
0 মন্তব্য