কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার দেশটির সর্বোচ্চ সরকারি সংস্থা আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “মহান আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ মরহুমের প্রতি রহম করুন।”
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ১৮ বছর কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের জুনে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। তার নেতৃত্বেই কাতার অল্প সময়ের মধ্যে আঞ্চলিক শক্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক কেন্দ্রে পরিণত হয়।
যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শেখ হামাদ প্রথমে কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যুবরাজ হিসেবে দেশের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় আল জাজিরা, যা আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমে পরিণত হয়। একই সঙ্গে তিনি কাতার এয়ারওয়েজকে বিশ্বমানের আন্তর্জাতিক এয়ারলাইনে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজধানী দোহার আন্তর্জাতিক বিমানবন্দরও তার নামেই নামকরণ করা হয়েছে।
কূটনৈতিক ক্ষেত্রেও শেখ হামাদের অবদান ছিল উল্লেখযোগ্য। তার আমলে সুদানের দারফুর সংকট, লেবাননের রাজনৈতিক বিরোধ এবং ফিলিস্তিনের হামাস ও ফাতাহর মধ্যকার বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে কাতার।
0 মন্তব্য