এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পরা একটি কালো চামড়ার জ্যাকেট শুক্রবার নিউইয়র্কের এক নিলামে ৯ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে।
নিলাম আয়োজক প্রতিষ্ঠান সোথবির বরাতে জানা গেছে, জ্যাকেটটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৬০ হাজার ডলার, অর্থাৎ প্রত্যাশিত দামের ১৬ গুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সোথবি এক বিবৃতিতে জানিয়েছে, টম ফোর্ডের তৈরি ওই জ্যাকেটটি কিনতে ৪৫ জন সংগ্রাহক নিলামে অংশ নেন। সোথবির আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাহাম ওয়াখটার জ্যাকেটটিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি বস্তু’ হিসেবে উল্লেখ করেছেন।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কালো গলাবন্ধ সোয়েটারের প্রতি আগ্রহ কিংবা মেটার প্রধান মার্ক জাকারবার্গের ধূসর টি-শার্টের মতোই, জেনসেন হুয়াংও কালো চামড়ার জ্যাকেটকে নিজের স্বতন্ত্র পরিচয়ের অংশ করে তুলেছেন। প্রায় প্রতিটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে এই ধরনের জ্যাকেট পরতে দেখা যায়। ২০২১ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে চামড়ার জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়।
এনভিডিয়ার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর হুয়াংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দ্রুত বেড়ে বিশ্বের সবচেয়ে বেশি বাজারমূল্যের তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।
নিলামে পাওয়া অর্থ দেওয়া হবে ‘এজ ইনস্টিটিউট’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা শিক্ষা এবং পশ্চিমা ব্যবসা ও শিক্ষা পদ্ধতি বিষয়ে পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
0 মন্তব্য