সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল সকালে রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ও উলাগির ফাউন্ডেশন, রায়গঞ্জ শাখা।
দুই দিনব্যাপী কর্মশালায় ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, শিশু বিকাশ, নৈতিক মূল্যবোধ, পাঠদান কৌশল এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
বক্তারা বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শিষ্টাচার ও মানবিক গুণাবলি বিকাশে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান উন্নয়নের মাধ্যমে এ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফম ওবায়দুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাকারিয়া, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহার মুহতামিম মো. শাহাদাত হোসেন এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের (পিটিআই) ইন্সট্রাক্টর মো. মইনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও রায়গঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার এর সঞ্চালনা উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
0 মন্তব্য