ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। যুক্তরাষ্ট্রও আলোচনার ধারণার বিষয়ে খোলা বা উন্মুক্ত রয়েছে। তবে আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন এর আগে তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। গত ১ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করলেও সেটি কাগজে লেখা মূল্যহীন একটি চুক্তির মতো হতে পারে। একই দিন তিনি ইরানের সঙ্গে এমন চুক্তির বিষয়ে নিজের অনাগ্রহের কথাও জানান।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে তিনি শুধু ‘সঠিক চুক্তি’ হলেই সমঝোতায় যাবেন। তবে সেই চুক্তি কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করার ঘোষণা দেয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, সরকারি ও অবকাঠামোগত বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়।
যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ওই আলোচনা শুরু হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা অব্যাহত রাখায় শেষ পর্যন্ত সেই আলোচনা ভেঙে যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দুই দেশের সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাকেন্দ্র হয়ে ওঠে।
এরপর আগস্টে ট্রাম্প ঘোষণা দেন, ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র ‘ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ চালাবে।
এমন পরিস্থিতিতে এবার ইরানের সঙ্গে আলোচনার ধারণার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানালেন ট্রাম্প। তবে আলোচনায় যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত অংশ নেবে কি না এবং সম্ভাব্য চুক্তির শর্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: এবিসি নিউজ
0 মন্তব্য