যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে খুব শিগগির হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে গভীর ভূগর্ভে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে বলে জানা গেছে। ইরানের চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। এর এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করতে চাননি।
ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। তিনি এটিকে সামরিক সংঘাত হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় কোনো বিষয় নয়।
এদিকে অনমনীয় অবস্থানে থাকা ইরান সরকারকে সামরিক অভিযানের মাধ্যমে পিছু হটাতে না পেরে ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক উত্তেজনা আরও বাড়ানোর সম্ভাবনাও বিবেচনায় রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের মতে, ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণে ফিরে যাওয়া যেমন এড়াতে চায় হোয়াইট হাউস, তেমনি হরমুজ প্রণালি নিয়ে তেহরানের কাছে বড় ধরনের ছাড় দেওয়ারও ইচ্ছা নেই।
তিনি বলেন, মার্কিন প্রশাসনের বর্তমান কৌশল মূলত এই দুই পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করছে।
0 মন্তব্য