ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে। তবে এ দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণে পাতা মাইনফিল্ড অতিক্রমের চেষ্টা করার সময় দুটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। তবে কোন দুটি জাহাজ এ ঘটনায় জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে নাবিকদের সতর্ক করে আইআরজিসি বলেছে, জীবন ও সম্পদ রক্ষায় যেন তারা বিভ্রান্ত না হন এবং মাইন পাতা এলাকায় প্রবেশ না করেন।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তায় এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, "আইআরজিসির অধিকাংশ দাবির মতো এটিও মিথ্যা।"
এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজ তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানে থামিয়ে দিয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় জাহাজগুলো প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
এরই মধ্যে টানা এক সপ্তাহ ধরে কার্যত হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে প্রণালির উত্তরাংশে নিজেদের উপকূলঘেঁষা নৌপথ ব্যবহার করতে বলছে এবং দক্ষিণ দিকের করিডর এড়িয়ে চলার নির্দেশ দিচ্ছে।
অন্যদিকে ইরানের এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরানের নজরদারি ও হুমকি দেওয়ার সক্ষমতা দুর্বল করতে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতের বেলায় বিমান হামলাও চালিয়ে যাচ্ছে।
সূত্র : আরব নিউজ
0 মন্তব্য