সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
0 মন্তব্য