দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি দাঁড়িয়েছে ৮২৮ জনে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ৯০৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৩৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর তিনটি ঘটনার মধ্যে দুটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে এবং একটি রাজশাহী বিভাগে। এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৫ জন রয়েছে।
0 মন্তব্য