গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। রবিবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা। নিহত শাহ জামাল মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে শাহ জামাল তার ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তার মাদকাসক্ত ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে ঘুমন্ত চাচার গলায় আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই শাহ জামাল নিহত হন।
স্বজনরা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রীরও পা কেটে দিয়েছিলেন। ওই ঘটনার পর তার স্ত্রী ঢাকায় চলে যান।
তার এমন আচরণ নিয়ে চাচা জামাল প্রায়ই তাকে শাসন করতেন। এই ক্ষোভে শাহ জামালকে গলাকেটে হত্যা করেছেন গোলাম হোসেন।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, ‘রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।
0 মন্তব্য