মহানগরীর টঙ্গীতে দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে টঙ্গীর টিএনটি জাভান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার আব্দুল জব্বারের ছেলে। তিনি টঙ্গীর টিএনটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং রোনপোলেক্স ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশায় করে অফিসের উদ্দেশে বের হন জয়নাল। টঙ্গীর টিএনটি এলাকায় পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে জয়নাল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য