ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের সম্পত্তির মালিক ও সেটি ইজারা নেওয়া ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, গোলাগুলির ঘটনায় মোট ছয়জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর একজনের চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গুয়াহাটির জি এস সড়কে বোরা সার্ভিস এলাকার বিপরীতে হোটেল বিলাস ইন-এর কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আসাম পুলিশের সদর দপ্তরের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
পুলিশ কমিশনার বলেন, নিহত পাঁচজনই হোটেলের মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হোটেলটি ইজারা নেওয়া ব্যক্তিই তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করেছেন বলে জানান তিনি।
ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এবং সম্পত্তি নিয়ে বিরোধের বিস্তারিত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
0 মন্তব্য