রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইলিয়াস খান (২৬) ওই এলাকার সাত্তার খানের ছেলে।
এলাকা বাসী জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত বিষয় পরে জানাতে পারব।”
তবে এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
0 মন্তব্য