বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে ১৯তম জন্মদিন উদযাপন করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে জন্মদিনের আসল উপহার হিসেবে তিনি চান ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার টিকিট।বার্সেলোনার এই বিস্ময়বালক বেলজিয়ামকে ২-১ গোলে হারানোর পর বলেছিলেন, স্পেন নয়, বরং সাম্প্রতিক ফলাফলের কারণে ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। সোমবার সংবাদ সম্মেলনে সেই মন্তব্যের ব্যাখ্যা দেন ইয়ামাল।
তিনি বলেন,“আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি কি ফ্রান্সকে ভয় পাই? আমি বলেছি, না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এটা শুধু ফুটবল।”
জন্মদিন উপলক্ষে নিজের জন্য হীরা খচিত একটি ভারী নেকলেস কিনেছেন ইয়ামাল। তবে তার মতে, প্রকৃত জন্মদিনের উপহার হবে মঙ্গলবারের ম্যাচে জয় এবং নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে ওঠা।
তিনি বলেন,“এখনও খুব বেশি উপহার পাইনি। সবচেয়ে বড় উপহার হবে মঙ্গলবার জয় পাওয়া এবং নিউইয়র্কে যাওয়ার সুযোগ।”
গোল নয়, দলের জয়ই বড় লক্ষ্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষে গোল করার সুযোগ পেলে সেটিকে বিশেষ কিছু হিসেবেই দেখছেন তিনি।
“আমি গোল নিয়েই ভাবি না। তবে এমন ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ অনুভূতির। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এ কারণেই এখানে এসেছি।”
সমর্থকদের জন্য দারুণ একটি ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
“এটাই সেই ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছিল। বিশ্বকাপ সেমিফাইনালের চাপ নিয়ে অবশ্য একদমই বিচলিত নন এই তরুণ ফুটবলার।
“জীবনে ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি রয়েছে। তাই আমি শান্ত আছি। কোনো অতিরিক্ত চাপ অনুভব করছি না। সবসময়ের মতো খেলব এবং দলের জন্য নিজের সর্বোচ্চটা দেব।”
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সের বিপক্ষেও নিজেদের আক্রমণাত্মক ও বল দখলে রাখার ফুটবলই খেলবে তার দল।
তিনি বলেন,“আমরা ফ্রান্সকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি। তাদের দারুণ খেলোয়াড় রয়েছে, তবে আমাদেরও আছে। আমাদের শক্তিগুলো কাজে লাগিয়ে তাদের শক্তিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করতে হবে।”
দেলা ফুয়েন্তের মতে, ম্যাচে যে দল আক্রমণে ও রক্ষণে ভালো ভারসাম্য বজায় রাখতে পারবে, তারাই জয়ের কাছাকাছি থাকবে। “আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই এবং নিজেদের খেলার ধরণ চাপিয়ে দিতে চাই।”
গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন ৫-৪ গোলে ফ্রান্সকে হারালেও এবার সম্পূর্ণ ভিন্ন লড়াই অপেক্ষা করছে বলে মনে করেন স্প্যানিশ কোচ।
তিনি বলেন,“এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। তখন আমরা ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলাম, পরে তারা দ্রুত চার গোল করে ব্যবধান কমিয়ে আনে। এবার আমরা ভালো দিকগুলো ধরে রাখতে চাই এবং ভুলগুলো শুধরে নিতে চাই।”
দেলা ফুয়েন্তের বিশ্বাস, গত দুই বছরে ফ্রান্স আরও পরিণত ও শক্তিশালী দলে পরিণত হয়েছে।
“আমার মনে হয়, তারা এখন আগের চেয়ে অনেক ভালো দল। খেলোয়াড়রা আরও পরিণত হয়েছে এবং গত দুই বছরে নিজেদের অনেক উন্নত করেছে। এটাই বাস্তবতা।”
শেষবারের মতো খেলোয়াড়দের উদ্দেশে তার বার্তা ছিল সহজ—“মাঠে নেমে খেলাটা উপভোগ করো। এমন সুযোগ বারবার আসে না। আমরা যেন নিজেদের সেরাটা খেলতে পারি এবং প্রতিপক্ষের শক্তির জবাব দিতে পারি।”
0 মন্তব্য