ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্মক্ষেত্রে সম্পর্কের অভিযোগ এবং একটি ব্যর্থ বেসরকারি বিনিয়োগ প্রকল্প নিয়ে সমালোচনার মধ্যে থাকা ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করাও ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো কারণে ফিফা যদি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করে, তাহলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’। ইতালীয়-সুইস আইনজীবী ইনফান্তিনোকে ‘চমৎকার’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তাঁর নেতৃত্বে সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা।
ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপ এতটা সফল বা লাভজনক হবে না।
তবে ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে ইউএস সকার। কানাডা সকার এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ফুটবল সংগঠনের সঙ্গে মিলে তারা ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছে।
আগামী মার্চে ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনের মুখোমুখি হবেন ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। ফিফাও তাঁর পাশে দাঁড়িয়ে সমালোচনাকে সংগঠনকে দুর্বল করার ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলসহ আরও কয়েকটি ফুটবল সংগঠন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।
0 মন্তব্য