এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন।
এবার নতুন পদ্ধতিতে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করবেন
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। কোনো বিষয়ের দুই পত্রের পুনঃনিরীক্ষণ চাইলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
ফি পরিশোধের পদ্ধতি
বিষয় নির্বাচন করার পর পরবর্তী ধাপে মোট ফি-এর পরিমাণ দেখানো হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পুনঃনিরীক্ষণ পোর্টালেই পাওয়া যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
পরে নতুন বিষয় যুক্ত করা যাবে
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও একই প্রক্রিয়ায় চাইলে নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করা হলে সেটি আর বাতিল করা যাবে না এবং পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
এবার ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।
0 মন্তব্য