ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ফ্রন্টে হুথি যোদ্ধা ও তাদের সামরিক সরঞ্জাম লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নাজিলি। শনিবার তিনি এ তথ্য জানান।
আল-নাজিলি বলেন, হুথি বাহিনীর সঙ্গে সংঘর্ষের বিভিন্ন এলাকায় কয়েকটি ফ্রন্টে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইয়েমেনি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের বারবার হামলার জবাবে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এই অভিযান সেনাবাহিনীর বিভিন্ন ফ্রন্টের মধ্যে সমন্বয় এবং সশস্ত্র বাহিনীর অভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরেছে।
ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তাদের কোনো ইউনিটকে ভবিষ্যতে লক্ষ্যবস্তু করা হলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিয়ে তার জবাব দেওয়া হবে।
এদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার হুথিরা মারিব শহরের বাস্তুচ্যুতদের শিবির ও আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
0 মন্তব্য