বৈরী আবহাওয়ার কারণে ও মেঘনা নদী উত্তাল থাকায় জেলার হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে কার্যত সারা দেশের নৌ চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে আজ সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এসব ঘাট থেকে সি-ট্রাক, স্পিড বোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজ ভোর থেকেই নদী কিছুটা উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
0 মন্তব্য