বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ঘিরে চলমান সংকটের মধ্যেই শুক্রবার দক্ষিণ আমেরিকার ফুটবলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সমর্থন পেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শুক্রবার সকালে কলম্বিয়ার কালি শহরে পৌঁছান ইনফান্তিনো। দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যান।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন প্রকাশিত ছবিতে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ এবং কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরুনের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় ইনফান্তিনোকে।
বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার একটি ব্যাপক সমালোচিত পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই কলম্বিয়া সফরে গেলেন ফিফা প্রধান। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করা হয়।
২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্বে থাকা ৫৬ বছর বয়সী ইতালীয়-সুইস আইনজীবী ইনফান্তিনোকে এএফপির এক সাংবাদিক প্রশ্ন করেন, ফিফাকে ঘিরে চলমান সংকট শেষ হয়েছে বলে তিনি মনে করেন কি না। তবে তিনি ওই প্রশ্নের উত্তর দেননি।
পরে কালির একটি ক্রীড়া কমপ্লেক্সে শিশুদের ফুটবল উৎসবে অংশ নিয়ে নিজের “আনন্দের” কথা জানান ইনফান্তিনো।
সেখানে ফুটবল পোশাক পরা কয়েক ডজন শিশুর উদ্দেশে ফিফা প্রধান বলেন, “আজ এখানে থাকতে পেরে আনন্দ লাগছে।”
তিনি আরও বলেন, “ফুটবল আনন্দ, ফুটবল সুখ, ফুটবল ঐক্য। এই বিশ্বের এই অংশে, কলম্বিয়ার এই অঞ্চলে অনেক চ্যাম্পিয়নের জন্ম হয়েছে।”
আগামী মার্চে রাবাতে অনুষ্ঠিত ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রার্থী হতে যাচ্ছেন ইনফান্তিনো। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে, ফিফা বেসরকারি বিনিয়োগের প্রস্তাব প্রত্যাহার করলেও বিশ্বকাপ বয়কটের হুমকি তারা বহাল রেখেছে।
কনমেবলের সদস্য মাত্র ১০টি ফিফা-অধিভুক্ত দেশ। তবে এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো প্রভাবশালী ফুটবল ফেডারেশন রয়েছে। বৃহস্পতিবার কনমেবল ফিফার “বারবার একতরফা সিদ্ধান্ত গ্রহণের” বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
তবে শুক্রবার কলম্বিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ বলেন, ইনফান্তিনোর “মহৎ কাজগুলো উপেক্ষা করা যায় না।”
তিনি বলেন, “আমাদের সংলাপের মাধ্যমে ফুটবলের জন্য কাজ করে যেতে হবে। সব বিষয়ে সবসময় একমত হওয়া জরুরি নয়।”
বৃহস্পতিবার শক্তিশালী আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর শুক্রবার দক্ষিণ আমেরিকার আরও দুটি ফেডারেশন—ভেনেজুয়েলা ও ইকুয়েডর—ইনফান্তিনোর প্রতি সমর্থন জানায়।
নিজেদের কনফেডারেশনের বিবৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ফিফা সভাপতিকে লেখা এক চিঠিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস লারেতেগুই বলেন, ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনো এবং অন্যান্য কর্মকর্তাদের ওপর তার আস্থা রয়েছে। খেলাটির কল্যাণে তারা কাজ চালিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনৈতিকভাবে ডানপন্থী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য পরিচিত ইনফান্তিনো শুক্রবার পরে কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলার অভিষেক অনুষ্ঠানেও যোগ দেন।
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা ঐতিহ্য ভেঙে রাজধানী বোগোটার কংগ্রেস ভবনের পরিবর্তে সালসা নৃত্যের রাজধানী হিসেবে পরিচিত কালি শহরে অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
0 মন্তব্য