এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র ও ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন। ফলাফলে পাসের দিক থেকে এগিয়ে আছে ছাত্রীরা। এক লাখ ৩৮ হাজার ৬৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৩ হাজার ৩৫ জন উত্তীর্ণ হয়।
গড় পাসের হার ৫৯.৮৯ শতাংশ।
অপরদিকে, এক লাখ ৫৮ হাজার ৩৫০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৭৬৫ জন।গড় পাসের হার ৫১.৬৪ শতাংশ।
এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৭১৬ জন।
এদিকে এগিয়ে রয়েছে ছাত্ররা। মোট জিপিএ ৫-এর মধ্যে তিন হাজার ৫৭২ জন ছাত্র ও তিন হাজার ১৪৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
0 মন্তব্য