চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩৪ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান ও সঙ্গীয় ফোর্স বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।
এসময় একটি হায়েস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০) শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের সময় গাড়িটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।
এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। জব্দকৃত গাড়ি ও মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, চোরাচালান প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সীমান্ত ও মহাসড়ক ব্যবহার করে যারা অবৈধভাবে পণ্য পরিবহন করছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্য