চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে আগস্টে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। সব মিলিয়ে গত ৪৫ দিনে উপজেলায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বাবলু (২৮) নামে আরো একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ থাকায় ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার কোনো বিকল্প নেই। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
0 মন্তব্য