ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়।
হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
হাটজুড়ে সারি সারি কলার কাঁদি। ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি, কলা বাছাই ও ট্রাকে বোঝাইয়ের ব্যস্ততা। সাগর, মালভোগ, চিনি চম্পা, আটিয়া ও মনুয়াসহ বিভিন্ন জাতের কলা বেচাকেনা হচ্ছে।
স্থানীয় কলা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবার প্রায় ৮ হাজার কলার কাঁদি বেচাকেনা হয়। সপ্তাহে দুই দিনের হাটে অন্তত ২০ হাজার কাঁদি কলা বিক্রি হয়।
স্থানীয় কলা ব্যবসায়ী জহির উদ্দিন (৫৫) ও বড়বাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলা ব্যবসায়ী মো. ফারুক আহমেদ (৪৮) জানান, বুধবারের হাটে প্রায় ৬০ থেকে ৬২ লাখ টাকা এবং শনিবার ৪০ থেকে ৪৫ লাখ টাকার কলা বেচাকেনা হয়। সপ্তাহের দুই দিনের হাটে অন্তত এক কোটি টাকার কলা বিক্রি হয়। রমজান মাসের আগে এবং গরমকালে সরবরাহ ও বেচাকেনা আরও বেড়ে যায়।
বুধবারের হাটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাত, মান ও আকারভেদে প্রতি কাঁদি বা পিঁড় সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কলা চাষি আলেফ উদ্দিন (৫০) বলেন, কলা চাষে প্রতি বিঘায় বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি করা যায়।
কুড়িগ্রামের রাজারহাটের কৃষক জলিল উদ্দিন (৪৬) বলেন, আমার আড়াই বিঘা জমিতে সাগর কলার ভালো ফলন হলেও প্রতিটি কাঁদি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করতে হয়েছে। অথচ হাটে প্রতি হালি কলা ১০ থেকে ১৫ টাকা হলেও খুচরা বাজারে তা ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বড়বাড়ী ইউনিয়নের কৃষক ও কলা ব্যবসায়ী নাজমুল হোসেন (৫০) বলেন, পরিবহন খরচসহ নানা ব্যয় মিটিয়ে পাইকারদের কলা সরবরাহ করতে হয়। হাটে বাইরের পাইকারের সংখ্যা বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।
বড়বাড়ী হাটের ইজারাদার রহিম উদ্দিন (৭৮) বলেন, হাটে বেচাকেনা বাড়াতে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করা প্রয়োজন। এতে ক্রেতা বাড়ার পাশাপাশি কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে পারিবারিক চাহিদা মেটাতে কমবেশি কলা গাছ রয়েছে। পাশাপাশি বাণিজ্যিকভাবেও কলার চাষ হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ১২৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একটি কলা গাছে সাধারণত একটি কাঁদি বা পিঁড় ধরে। জাত ও আকারভেদে এতে একাধিক ছড়া থাকে। প্রতিটি ছড়ায় একাধিক কলা থাকে। কাঁদি বা পিঁড়ের আকার ও কলার সংখ্যা জাতভেদে ভিন্ন হয়।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। পরিকল্পিত চাষ, আধুনিক পরিচর্যা ও উন্নত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কলা এ অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস হতে পারে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।
0 মন্তব্য