বিশ্বকাপজুড়েই নানা বিতর্কে ছিল আর্জেন্টিনা। এবার স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে মাঠের উত্তেজনাপূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা। এ ঘটনাকে ‘অসহনীয়’ ও ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের ১-০ গোলের জয়ের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ফিফা তাদের এক শৃঙ্খলা তদন্ত কর্মকর্তাকে ঘটনাগুলোর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ান। একই সময়ে স্পেন অধিনায়ক রদ্রি দৌড়ে যাওয়ার সময় আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনার আঘাতের শিকার হন।
স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার দে লা ফুয়েন্তে বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন আমি অন্যদের সঙ্গে উদযাপনে ব্যস্ত থাকায় ঘটনাগুলো দেখিনি। তবে পরে যা দেখেছি, তা অসহনীয় ও অগ্রহণযোগ্য। বিশেষ করে এমন মানের খেলোয়াড়দের কাছ থেকে, যাদের আমি এর আগে প্রশংসা করেছি এবং যাদের একজন দারুণ কোচও আছেন।”
ফিফা এখনো তদন্তের পরিধি বা স্পেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে কি না—সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এদিকে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা বুধবার স্পেনের দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সেটি ঘুষি নয়, কেবল ধাক্কাধাক্কির ঘটনা ছিল।
দে লা ফুয়েন্তে এ সময় নিজের দলের খেলোয়াড়দের আচরণের প্রশংসা করে বলেন, “ওই ধরনের আগ্রাসন ও উসকানির মধ্যেও আমাদের খেলোয়াড়রা আত্মসংযম বজায় রেখেছে এবং প্রকৃত পেশাদারের মতো আচরণ করেছে।”
ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়রা আর্জেন্টিনার ফুটবলারদের পদক গ্রহণের সময় সম্মানসূচক গার্ড অব অনার দেন। তবে পরে স্পেন অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় আনুষ্ঠানিকতার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ান।
ফিফার শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী, বিশেষ তদন্তকারী সদস্য কোনো সদস্য দেশ, ক্লাব বা ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কার্যক্রম শুরু করার সুপারিশ করতে পারেন। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে বা সম্ভাব্য নিষেধাজ্ঞা কবে কার্যকর হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র : আল জাজিরা
0 মন্তব্য