হাইতির জালে গোলোৎসব করে চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। তবে ৩-০ ব্যবধানে জিতেও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বস্তিতে না থাকার পেছনের কারণ রাফিনিয়ার চোট।
ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়া রাফিনিয়ার বিষয়ে যে সুখবর পায়নি ব্রাজিল। পরীক্ষা-নিরীক্ষার পর সেলেসাওরা নিশ্চিত হয়েছে বার্সেলোনা উইঙ্গারকে পাওয়া যাচ্ছে না স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে।
পুরোপুরি সুস্থ হয়ে কবে ফিরবেন রাফিনিয়া সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
তারা বিবৃতিতে লিখেছে, ‘শনিবার পরীক্ষার পর রাফিনিয়ার ডান ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য থাকবে সে। লক্ষ্য যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে মাঠে ফেরানো।’
ম্যাচের ৪০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়ার সময়ই অবশ্য শঙ্কাটা জেগেছিল, কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
পরীক্ষার পর সেটাই সত্যি হলো। তার ফেরার নির্দিষ্ট সময় জানা না গেলেও ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, শেষ ষোলোতে পাওয়া যেতে পারে ২৯ বছর বয়সী উইঙ্গারকে।
অবশ্য নেইমারকে নিয়ে সুসংবাদ পেয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে স্ট্রাইকারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন খোদ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচ বলেছেন, ‘নেইমার আগামীকাল (আজ) অনুশীলন করবে।
সোমবার দলের অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
আগামী ২৫ জুন ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি হবে মায়ামি স্টেডিয়ামে।
0 মন্তব্য