বান্দরবানে বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে জেলা শহরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে রবিবার(১২ জুলাই) দুপুর পর্যন্ত থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) আশঙ্কা, অনবরত অতিভারি বৃষ্টি অব্যাহত থাকলে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হবে।
সংস্থাটির রেকর্ড অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান শহর পয়েন্টে ১৫ দশমিক ৫৪ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ভারি বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে ৫ জন ও পানিতে ভেসে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২৬ পয়েন্টে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৬২৫০ জন। পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে ৮ হাজার পরিবার।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। এদিকে বৃষ্টি থেমে যাওয়ায় লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে।
অন্যদিকে বালাঘাটা এলাকার রাস্তায় পানি পুরোপুরি না নামায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বান্দরবান-কেরানিহাট সড়কে পানি কমে যাওয়ায় এ সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
0 মন্তব্য