সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের এফএনএস কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে এক বার্তায় এ শোক জানানো হয়।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডে আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
0 মন্তব্য