ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র কৃষক আশাদুল ইসলামে ১৩২ শতক জমিতে চাষ করা ৫০০ লাউ ও কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জুন) রাতে উপজেলার বোয়ালিয়া মাঠে এই ঘটনা ঘটে।
১৩২ শতক জমিতে লাউ ও কুমড়া চাষ করা এই কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক আসাদুল ইসলামের ১৩২ শতক লাউ ও কুমড়া ক্ষেতের ৫০০ গাছের প্রতিটির ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকায়।
কৃষক আসাদুল ইসলাম বলেন, এবার লাউ চাষে খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরো কয়েক লাখ টাকা। জমি লিজ নিয়ে চাষ করছি। লাউ বাজারে বিক্রি করে জমির লিজের টাকা শোধ করব বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কিভাবে জমির টাকা পরিশোধ করব বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারল।
এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, বোয়ালিয়া মাঠে জমির ধরন্ত লাউ ও কুমড়া গাছ কেটে ফেলার ব্যাপরটি আমি জানতাম না।
এখন আপনার মাধ্যমে শুনলাম। উপসহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।
0 মন্তব্য