মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি। এরপর তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক, অনুষ্ঠান ও আয়োজনে অংশ নিতে পারেন তিনি।
এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার এই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
0 মন্তব্য