জেলার শার্শা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল বন্দর থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেলে শার্শার রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে রুদ্রপুর-গোগা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর বাসস’কে নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাক্টরসহ চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
0 মন্তব্য