আন্তর্জাতিক অণুজীব দিবস (International Microorganisms Day—IμD) ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত মাসব্যাপী উদযাপনের দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ক্ষতিকর দিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (AMR) ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় অলিম্পিয়াড।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া পাওয়া গেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম চলবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি অণুজীববিজ্ঞান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরিতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“মাসব্যাপী উদযাপনে আমাদের সঙ্গে থাকুন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন হোন এবং আমাদের অঞ্চলকে এ বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখুন”— এমন আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
0 মন্তব্য