সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে যানবাহন চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং স্বস্তি ফিরে এসেছে সাধারন মানুষদের চলাচলে।
জানা গেছে, রামারচর বিশ্বরোড থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ) সংলগ্ন অংশ ও ফাজিল মাদ্রাসা মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় অচলাবস্থা হয়ে পড়ে। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে কোন কার্যকর ভূমিকা বা উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’।
সংগঠনের সভাপতি কে.এম.আমিনুল ইসলাম ,চীফ এ্যাডমিন শাহ আলম মাস্টারের নেতৃত্বে উপদেষ্টা, এডমিন, মডারেটর ও একঝাঁক তরুণের অংশগ্রহণে নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে চলাচল যোগ্য করে গড়ে তোলা হয়।
উক্ত সংগঠনের মডারেটর হারুন, শাহিদুল, নাজমুল ও মনি বলেন, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে হাজার হাজার মানুষসহ আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়েছি। অনেক দিন ধরে স্থানীয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেও কেউ উদ্যোগ না নেওয়ায় আমরা নিজেদের অর্থায়নে কাজটি করেছি। এতে অন্তত সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ লাঘব হবে বলে আশা করি।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘প্রিয় সলঙ্গার গল্প’র এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তবে সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত সরকারি বরাদ্দ ও স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়নের দাবী জানান তারা।
0 মন্তব্য