রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার বেলগোরোদের গভর্নর আলেকজান্ডার শোভায়েভ জানান, সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোলস্কোভো শহরে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এদিকে রোববার রাশিয়ায় ইউক্রেনের শত শত ড্রোন হামলায় আরও ১২ জন নিহত হন। একই দিনে ইউক্রেনে রুশ হামলায় সাতজন নিহত হয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সামরিক ফ্রন্টে অচলাবস্থা ও কূটনৈতিক আলোচনায় স্থবিরতার মধ্যে দুই দেশই সাম্প্রতিক সময়ে সীমান্তের পেছনে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা ২০২২ সালের যুদ্ধের শুরুর দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: জর্ডান নিউজ
0 মন্তব্য