রাজধানী ঢাকায় চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। শুধু নারীরা এ বাসের যাত্রী হতে পারবেন।
বিআরটিসির এ বাস সার্ভিসের চালক ও কনডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকেই এ পরিষেবা পাবেন রাজধানীবাসী। ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।
0 মন্তব্য