রাজধানীতে নারীযাত্রীদের জন্য আজ থেকে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। ‘পিংক বাস’ নামে এই সেবা চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।
বিআরটিসি সূত্র জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এর মাধ্যমে নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
নারীদের যাতায়াতে নতুন উদ্যোগ
রাজধানীর গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। তাদের মধ্যে রয়েছেন কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও ব্যবসায়ী। তবে দীর্ঘদিন ধরে গণপরিবহণে অতিরিক্ত ভিড়, আসন সংকট ও হয়রানির মতো নানা অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতে অনেক নারীকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।
এ বাস্তবতায় নারীযাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মস্থলে নিয়মিত যাতায়াতকারী নারীরা এ সেবার মাধ্যমে উপকৃত হতে পারেন বলে আশা করা হচ্ছে।
পরিবহণ খাতে বাড়বে নারীর অংশগ্রহণ
নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার বিষয়টিও এ উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে। দেশে গণপরিবহণ খাতে নারী চালক ও কর্মীর সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে ‘পিংক বাস’ চালুর মাধ্যমে এই খাতে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
রুট ও সময়সূচিই বড় বিষয়
তবে নতুন এই সেবা নিয়ে নারীযাত্রীদের আগ্রহের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাসের রুট, সময়সূচি ও নিয়মিত সেবা। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্তসংখ্যক বাসের পাশাপাশি নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে ‘পিংক বাস’ রাজধানীর নারীদের জন্য একটি কার্যকর ও নিরাপদ গণপরিবহণ ব্যবস্থা হয়ে উঠতে পারে।
0 মন্তব্য