শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। তবে সারা দেশের সকল জেলা উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
‘এ কারণে আমাদের এখানে জাতীয় পর্যায়ের মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে। বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’
মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না? প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আজ সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।
0 মন্তব্য