প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ, পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের অনুদান ও সম্মানি প্রদানসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরস্থলগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
যেসব কর্মসূচিতে থাকবেন প্রধানমন্ত্রী
সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। একই সঙ্গে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর কটিয়াদী উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সেখানে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করবেন।
সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি
কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, প্রধানমন্ত্রীর আগমন জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে কিশোরগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা ও নাগরিক সমস্যাগুলো সমাধানের নতুন পথ উন্মুক্ত হবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপিও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে জেলার সব স্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে কিশোরগঞ্জে উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৯৯৮ সালে প্রথম কিশোরগঞ্জ সফর করেন। সে সময় তিনি ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি কিশোরগঞ্জ সফর করছেন।
এর আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে গত ২২ জানুয়ারি ভৈরবে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।
0 মন্তব্য