নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নিয়মিত আয়োজন 'গল্পে আড্ডায় ক্যাম্পাস সাংবাদিকতা' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবিসাসের সভাপতি নাহিদুল ইসলামের সঞ্চালনায় এবারের আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক বার্তার সাবেক ডেপুটি চীফ রিপোর্টার সাইফুর রহমান সুজন।
আড্ডার ছলে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সাইফুর রহমান সুজন তাঁর দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা তরুণ ও শিক্ষানবিশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব, বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল এবং পেশাগত নৈতিকতা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, "ক্যাম্পাস সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি একজন শিক্ষার্থীর নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে বড় ভূমিকা রাখে। সত্য ও বস্তুনিষ্ঠতার জায়গায় আপস না করে পেশাদারিত্বের সাথে তরুণদের লেখনী চালিয়ে যেতে হবে।"
উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে অতিথির সাথে আলোচনা করেন এবং নিজেদের কৌতুহল নিরসন করেন।
অনুষ্ঠানের শেষে সভাপতি নাহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও মূলধারার সাংবাদিকতায় নোবিপ্রবিসাসের নিরবচ্ছিন্ন অবদানের কথা পুনর্ব্যক্ত করেন এবং আগামীতেও এধরনের শিক্ষনীয় ও কার্যকরী আড্ডা অব্যাহত রাখার আশ্বাস জানান। আড্ডায় নোবিপ্রবিসাসের কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য