ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও বিতর্কে জড়িয়েছেন। ফিটনেস সমস্যা ও জাতীয় দলে জায়গা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার তার বিরুদ্ধে ক্লাব সতীর্থকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে।
ব্রাজিলের ক্লাব সান্তোস জানিয়েছে, অনুশীলনের সময় সতীর্থ রবিনিও জুনিয়র -এর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ক্লাবের আইন বিভাগ এই তদন্ত পরিচালনা করছে।
জানা গেছে, অনুশীলনে রবিনিও জুনিয়র নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর নেইমার তাকে পা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অপমানজনক মন্তব্য ও শারীরিক আঘাত—এমনকি চড় মারার অভিযোগও তুলেছেন ওই তরুণ ফরোয়ার্ড।
ঘটনার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, পরে সতীর্থরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। তিনি ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নেইমার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, ঘটনার পর তিনি রবিনিও জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, রবিনিও জুনিয়র সাবেক ব্রাজিল তারকা রবিনিও -এর ছেলে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ৮টি ম্যাচ খেলেছেন।
0 Comments