কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দলও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলের গলি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি হোটেলের কাছে পৌঁছাতে পারেনি। ফলে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন কর্মীরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তারা হোটেলের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালান।
নিউ মার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানান, আগুন লাগার পর হোটেলের কক্ষগুলো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, হোটেলের বিভিন্ন কক্ষ থেকে বেশ কয়েকজন অতিথিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতদের শরীরে আগুনে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘন ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউ মার্কেট কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা। ফলে সরু গলির কারণে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে প্রতিবন্ধকতা তৈরি হয়।
এর মাত্র দুই দিন আগে, ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ শহরের ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হন। ওই আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
তারাপীঠের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ জনের, যাদের সবাই বাংলাদেশের নাগরিক।
সূত্র : এনডিটিভি
0 মন্তব্য