ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটিতে হামলা চালিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
আইআরএনএর খবরে বলা হয়, আইআরজিসির একাধিক বিবৃতিতে জানানো হয়েছে যে জর্ডানের প্রিন্স হাসান এয়ার বেস, বাহরাইনে মার্কিন ড্রোন কমান্ড সেন্টার এবং কুয়েতের আলি আল-সালেম এয়ার বেসসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। এর আগে সোমবারও বিমান হামলার সাইরেন বেজে ওঠে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় এবং যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার জবাবে উপসাগরীয় কয়েকটি প্রতিবেশী দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে।
সর্বশেষ এই সংঘাতের সূত্রপাত হয় হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর। আগুন ধরে গেলে জাহাজটির নাবিকরা সেটি ত্যাগ করতে বাধ্য হন।
এই পাল্টাপাল্টি হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতাকে আরও দুর্বল করে দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর শুরু হওয়া সংঘাত অবসানের লক্ষ্যে ওই সমঝোতা হয়েছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর মধ্যস্থতাকারীরা নতুন করে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
0 মন্তব্য