ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে রুশ হামলায় পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চালানো হামলার পাশাপাশি রাজধানী কিয়েভেও হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
জাপোরিঝঝিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, শহরটিতে ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার পর বেশ কয়েকটি ভবন ও যানবাহনে আগুন ধরে যায়।
এদিকে কিয়েভেও বিমান হামলার সতর্কতা জারি করা হয়। নগরীর সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় একটি এলাকায় কয়েকটি গুদামে আগুন লেগেছে। সেখানে একজন আহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহতদের চিকিৎসায় ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রায় ৪০ মিনিট পর রাজধানীতে জারি করা বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করা হলেও মধ্যরাতের পর আবারও সতর্কতা জারি করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, হামলার সময় কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র: আরব নিউজ
0 মন্তব্য