ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছিল হাসান মাহমুদকে। আর একটা ওভার খেলে দিতে পারলেই বাংলাদেশের হয়ে একটা রেকর্ড গড়া হয়ে যেত বল হাতে আগুন ঝরানো হাসানের। তবে তা হলো না। তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বিদায় নিলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে।
গতকাল তিনি যখন উইকেটে এসেছেন, তখন দল খানিকটা বিপাকেই পড়ে ছিল। ১১ রানের ৩ উইকেট পড়ে গেলে দলের পায়ের তলার মাটিটা খানিকটা নড়বড়ে হবেই। তবে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদ সে বিপদটা সামাল দিয়েছেন ভালোভাবেই। নাহ, এই জুটিতে হাসান মিরাজকে শুধু সঙ্গ দেননি, এর প্রমাণ মিলবে তার খেলা বলের সংখ্যায়। তিনি খেলেছেন ৯২ বল, এই জুটিতে মিরাজ বলের মুখোমুখি হয়েছেন ৭৮।
দুজনের এই জুটি প্রায় ৩০ ওভার খেলে ফেলেছিলেন। লেজের নাগাল পেয়েও এমন পরিশ্রম করতে হবে, অস্ট্রেলিয়াও হয়তো ভাবেনি। সপ্তম উইকেটে এই ১৭০ বলের জুটি তাই মানসিক ধাক্কার পাশাপাশি শারীরিকভাবেও অজিদের অবসন্ন করে তুলেছে আরও একটু।
হাসান একটা রেকর্ড আরেকটু হলে গড়েই ফেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আটে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। রেকর্ডটা গড়েছিলেন নাসির হোসেন। ২০১৭ সালের হোম সিরিজে চট্টগ্রাম টেস্টে ৯৭ বল খেলেছিলেন তিনি।
হাসান খুব কাছে ছিলেন। আর ৬টা বল খেলে ফেলতে পারলেই রেকর্ডটা ভেঙে দিতে পারতেন। তা আর হলো না। হ্যাজেলউডের করা ইনিংসের ১১৪তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।
তবে তার আগে যা করেছেন, তা দলের জন্য অমূল্যই। মিরাজের সঙ্গে তার ১৭০ বলে ৪৬ রানের এই জুটিই দলের লিডটাকে নিয়ে গেছে আরও দূরে। তার বিদায়ের সময় লিড গিয়ে দাঁড়িয়েছিল ১৫৬ রানে। যা বাংলাদেশকে নিয়ে গেছে আরও ভালো অবস্থানে।
0 মন্তব্য